অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ক্রিকেটার স্টিভেন স্মিথ জানিয়েছেন, ২০২৭ সালের অ্যাশেজে তিনি খেলবেন কি না, তা নিশ্চিত নয়। বয়স ৩৭ পেরিয়ে গেলেও স্মিথ এখনও টেস্ট ক্রিকেটে খেলে যাচ্ছেন।
সম্প্রতি ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফের সঙ্গে কথা বলার সময় তিনি বলেন, "আমি এখনো জানি না, সেখানে থাকব কি না। বেশ কিছুদিন ধরেই আমি এক সিরিজ করে এগোচ্ছি।" স্মিথের এই অনিশ্চয়তা আগামী গ্রীষ্মে ইংল্যান্ড সফরের জন্য অস্ট্রেলিয়ার দলে তার অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন তোলেছে।
স্মিথ ইংল্যান্ডে অ্যাশেজ জয়ের স্বাদ পাননি। তিনি বলেন, "ইংল্যান্ডে গিয়ে একটা অ্যাশেজ জিততে পারলে দারুণ লাগবে। তবে শেষ পর্যন্ত সেটা হয় কি না, সময়ই বলে দেবে।"
অস্ট্রেলিয়ার সামনে ব্যস্ত টেস্ট সূচি রয়েছে, যেখানে সাউথ আফ্রিকা, ভারত ও ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ রয়েছে। স্মিথ সাউথ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্ট খেলতে যাচ্ছেন, যা ২০১৮ সালের বল টেম্পারিং কেলেঙ্কারির পর তার প্রথম সফর।
তিনি বলেন, "এটা আরেকটা সিরিজ। যা ঘটেছিল, সেটা অনেক আগের কথা।" স্মিথের মতে, সাউথ আফ্রিকার পেস আক্রমণ শক্তিশালী এবং সিরিজটি চ্যালেঞ্জিং হবে।
স্মিথের ক্রিকেট ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থাকলেও তিনি টি-টোয়েন্টিতে খেলার আগ্রহ প্রকাশ করেছেন। ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকে অস্ট্রেলিয়ার হয়ে খেলার লক্ষ্য তার অন্যতম।
তিনি বলেন, "আমি এখনো মনে করি, আরও কিছুদিন টি-টোয়েন্টি খেলতে পারব।" স্মিথের মতে, এখনও ক্রিকেটের প্রতি তার ভালোবাসা রয়েছে এবং তিনি অবসর নেওয়ার নির্দিষ্ট সময় নির্ধারণ করেননি।