বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফ সাউরীর মৃত্যুর ঘটনায় তথ্য যাচাইয়ের জন্য তার বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দ্বীপকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বৃহস্পতিবার রাতে রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে তাকে নিয়ে যায় পিবিআই।
পিবিআইয়ের অতিরিক্ত ডিআইজি মো. এনায়েত হোসেন মান্নান জানান, যেহেতু তাহসিফ ও দ্বীপ শেষবার একসঙ্গে ছিলেন, তাই তাদের গতিবিধি ও কার্যকলাপের তথ্য যাচাই করা হচ্ছে।
এদিকে, টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে তাহসিফের মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। এর আগে, বুধবার তুরাগ নদ থেকে তাহসিফের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, তাহসিফের দেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে তার পরিবার তাহসিফের মৃত্যুকে পরিকল্পিত হত্যা বলে দাবি করেছে। ময়নাতদন্তের পর তাহসিফের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার বিকেলে উত্তরায় তাহসিফের দাফন সম্পন্ন হয়েছে।