মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ও তার সহযোগীদের অস্ত্র প্রদর্শনের বিষয়ে তদন্ত শুরু করেছে গোয়েন্দা পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম রোববার সকালে ডিবি মিডিয়া সেন্টারে এ তথ্য জানান।
তিনি বলেন, "যদি আইনের ব্যত্যয় ঘটে থাকে, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।" ইশরাক হোসেন সম্প্রতি নিজেই অস্ত্র হাতে নিয়ে মাদকবিরোধী অভিযানে অংশ নেন, যা নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।
শুক্রবার বিকালে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে অভিযানের একটি ভিডিও শেয়ার করেন। ভিডিওতে দেখা যায়, তিনি গেন্ডারিয়া থানার ৪৫ নম্বর ওয়ার্ডের রেললাইন-সংলগ্ন বস্তিতে অভিযানে যান।
ভিডিওতে প্রতিমন্ত্রীকে অস্ত্র হাতে নিয়ে একদল লোককে তাড়া করতে দেখা যায়। এসময় তার দেহরক্ষীরাও কয়েকজনকে ধরার চেষ্টা করেন। অভিযানে ছয়জনকে আটক করা হয়, যাদের মাদক কারবারে জড়িত সন্দেহ করা হচ্ছে।
গেন্ডারিয়া থানার ওসি মনিরুজ্জামান মনির জানান, প্রতিমন্ত্রী ইশরাক হোসেন ছয়জনকে আটক করে থানায় ফোন দেন এবং পুলিশ সদস্যরা পরে ঘটনাস্থলে গিয়ে তাদের নিয়ে আসে।