জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ মন্তব্য করেছেন, বিএনপির মুখে জুলাই সনদ বাস্তবায়নের কথা বলা হলেও তাদের অন্তরে আওয়ামী লীগের প্রভাব রয়েছে।
তিনি বলেন, "আপনারা মুখে বারবার বলছেন, জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন। কিন্তু ৬৯ নম্বর প্রস্তাবনায় তো কোনো দলেরই নোট অব ডিসেন্ট ছিল না। তাহলে এটি বাস্তবায়নে আপনাদের সমস্যা কোথায়?" রবিবার (১৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আমার বাংলাদেশ (এবি পার্টি) আয়োজিত মুক্ত আলোচনায় সভায় তিনি এ মন্তব্য করেন।
হাসনাত অভিযোগ করেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের ভাগিনারা ঘুষ-বাণিজ্য চালান। তিনি বলেন, "আপনি ওসি বা এসপি হতে চাইলে তার ভাগিনাকে ঘুষ দিলেই পদ পেয়ে যাবেন।"
তিনি আরও বলেন, "জুলাই সনদের ৬২ নম্বর প্রস্তাবে তথ্য অধিকার আইন সংশোধনের কথা বলা হয়েছিল। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় আসার পর সেই অধ্যাদেশ বাতিল করে দেয়।"
হাসনাত বলেন, "বিএনপি মন্ত্রিসভা ও সংসদের সবাই একই কথা বলবেন। কিন্তু একবার জিজ্ঞেস করে দেখুন, জুলাই সনদের কোন বিষয়টি অক্ষরে অক্ষরে পালন করেছেন?"
তিনি অভিযোগ করেন, বিএনপি নিজেদের পক্ষে যাওয়া ফলাফল মেনে নিলেও গণভোটের ফলাফল মানেনি এবং সংবিধান সংস্কার পরিষদের শপথও নেয়নি।
হাসনাত বলেন, "রাজনীতিবিদদের কাছে বাংলাদেশ যেন ব্যবসার উপলক্ষ। তারা জনগণের সেবা করার কথা বলেন, অথচ নিজেদের সন্তানরা বিদেশে থাকে।"