ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদ বিষয়ক প্রতিমন্ত্রী এল মুরুগান মঙ্গলবার (১৩ অক্টোবর) পদত্যাগের ঘোষণা দিয়েছেন। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে চিঠি দিয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব এবং রাজ্যসভার সংসদ সদস্যপদ থেকে অব্যাহতি চেয়েছেন।
এল মুরুগান জানান, তামিলনাড়ুতে ভারতীয় জনতা পার্টিকে (বিজেপি) সাংগঠনিকভাবে শক্তিশালী করার লক্ষ্যে তিনি এই পদক্ষেপ গ্রহণ করেছেন। চিঠিতে তিনি উল্লেখ করেন, মোদির নেতৃত্বে দেশ ও রাজ্যের সেবা করার সুযোগ পাওয়াকে তিনি সর্বোচ্চ সম্মান হিসেবে দেখেন।
চিঠিতে তিনি বলেন, "বিনম্র ও কৃতজ্ঞ চিত্তে আমি অনুরোধ জানাচ্ছি যেন আমাকে প্রতিমন্ত্রীর দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় এবং রাজ্যসভার সদস্যপদ ত্যাগ করার অনুমতি দেওয়া হয়, যাতে আমি তামিলনাড়ুতে দলকে শক্তিশালী করার কাজে পূর্ণ সময় দিতে পারি।"
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) তিনি প্রতিক্রিয়া জানিয়ে লেখেন, "দিনমজুরের সন্তান হিসেবে জীবন শুরু করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজির নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভায় দায়িত্ব পালন করা আমার জীবনের এক পরম সৌভাগ্য। এখন আমি তৃণমূল স্তরে ফিরে যেতে চাই।"
তিনি আরও বলেন, "দলীয় কর্মীদের পাশে দাঁড়াতে এবং ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগে তামিলনাড়ুতে বিজেপিকে শক্তিশালী করার কাজে নিজেকে পূর্ণ সময়ের জন্য নিয়োজিত করতে চাই।"