শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

বিজেপির অভিযোগ: কংগ্রেস বাংলাদেশ-নেপালের মতো অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়

বিজেপি অভিযোগ করেছে যে কংগ্রেস বাংলাদেশ ও নেপালের মতো অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়।

বিজেপির অভিযোগ: কংগ্রেস বাংলাদেশ-নেপালের মতো অস্থিতিশীলতা সৃষ্টি করতে চায়

ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অভিযোগ করেছে যে কংগ্রেস রাজপথে বিক্ষোভের মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মতো নৈরাজ্য সৃষ্টি করতে চায়।

বিজেপির মুখপাত্র প্রদীপ ভান্ডারি বৃহস্পতিবার (৮ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে বলেন, কংগ্রেস নেতা রাহুল গান্ধী ক্ষমতায় ফিরতে মরিয়া হয়ে উঠেছেন এবং সেই লক্ষ্যে দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন।

তিনি কংগ্রেসের বিক্ষোভের কিছু ভিডিও ফুটেজ দেখিয়ে দাবি করেন যে রাহুল গান্ধী এবং তার বোন প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র পুলিশের সঙ্গে অশোভন আচরণ করেছেন।

ভিডিওতে দেখা যায়, কংগ্রেসের এক কর্মী পুলিশের সদস্যকে ধাক্কা দেন এবং পরে লাথি মারার চেষ্টা করেন। প্রদীপ ভান্ডারি বলেন, “কংগ্রেসের কৌশল হলো ভারতে নেপাল-বাংলাদেশের মতো নৈরাজ্য ছড়িয়ে দেওয়া।”

তিনি আরও বলেন, পুলিশের সদস্যরা শান্তিপূর্ণ বিক্ষোভের অনুরোধ জানালেও রাহুল গান্ধী তা উপেক্ষা করেছেন এবং এক পুলিশ সদস্যকে ধাক্কা দিয়েছেন।

বিজেপির মুখপাত্র অভিযোগ করেন যে রাহুল গান্ধী বিচারিক প্রক্রিয়ায় হস্তক্ষেপ করতে চাইছেন এবং বিষয়টি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন।

ভান্ডারি বলেন, “বিক্ষোভের কারণে আদালতের সিদ্ধান্তে কোনো প্রভাব পড়বে না।” তিনি অভিযোগ করেন যে রাহুল গান্ধী আন্তর্জাতিক শক্তির সঙ্গে যুক্ত হয়ে ভারতে অস্থিরতা তৈরির চেষ্টা করছেন।

তিনি বলেন, “ভারতে গণতন্ত্র সচল এবং শান্তি বজায় আছে। দেশের জনগণ সবকিছু দেখছে।”

বুধবার প্রধান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করেন রাহুল গান্ধী ও বিরোধী জোট ‘ইন্ডিয়া’র অন্য নেতারা, পরে পুলিশ তাদের আটক করে।

বিজ্ঞাপন