শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

মেক্সিকোর সিনালোয়া রাজ্যের কারাগারে সংঘর্ষে ১০ জন নিহত

মেক্সিকোর সিনালোয়া রাজ্যের মাজাতলানে কারাগারে সংঘর্ষে ১০ জন নিহত হয়েছে।

মেক্সিকোর সিনালোয়া রাজ্যের কারাগারে সংঘর্ষে ১০ জন নিহত

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলীয় সিনালোয়া রাজ্যের মাজাতলানে অবস্থিত এল ক্যাসটিলো কারাগারে সংঘর্ষের ঘটনায় ১০ জন নিহত এবং ১৬ জন আহত হয়েছে। রাজ্য কর্তৃপক্ষ বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছে।

সিনালোয়ার পাবলিক সিকিউরিটি সেক্রেটারিয়েট জানিয়েছে যে, কারাগারের ভেতরে সংঘর্ষের ফলে ৯ জন বন্দী এবং একজন পরিবারের সদস্য নিহত হয়েছেন। নিহত পরিবারের সদস্যটি একজন কিশোর বলে উল্লেখ করেছেন সিনালোয়ার পাবলিক সিকিউরিটি সেক্রেটারি সিনুহে টেলেজ।

হতাহত ১৬ জন বন্দীকে চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে। সেক্রেটারিয়েট জানায়, নিরাপত্তা বাহিনীর একটি আন্তঃপ্রতিষ্ঠানিক দল ঘটনাস্থলে পৌঁছে কারাগারের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে।

টেলেজ জানিয়েছেন যে, নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং সতর্কতার কারণে কারাগারে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তিনি আরো জানান, কারাগারের অন্যান্য বন্দীরা নিরাপদ রয়েছে।

সিনালোয়া রাজ্যটি সিনালোয়া মাদক চক্রের যুদ্ধরত গোষ্ঠীগুলোর জন্য একটি সংঘাতপূর্ণ এলাকা এবং এটি মার্কিন পররাষ্ট্র দপ্তরের ছয়টি রাজ্যের মধ্যে একটি, যেখানে নাগরিকদের নিরাপত্তার কারণে ভ্রমণ না করার পরামর্শ দেওয়া হয়েছে।

কর্তৃপক্ষ এখনও পর্যন্ত জানায়নি যে, কারাগারের এই সহিংসতা মাদক চক্রের সংঘাতের সাথে সম্পর্কিত কিনা।

বিজ্ঞাপন