চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার জন্য বিদেশি অপারেটর হিসেবে দুবাইভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের সাথে ১৫ বছরের চুক্তি করতে যাচ্ছে সরকার। আজ বৃহস্পতিবার বিকেলে এই চুক্তি স্বাক্ষরিত হবে।
চুক্তিটি নিয়ে শ্রমিক সংগঠনগুলো তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে। তারা বলছেন, এ চুক্তির ফলে কর্মসংস্থান কমে যাবে এবং জাতীয় নিরাপত্তা ঝুঁকিতে পড়বে। চট্টগ্রাম বন্দর ইসলামী শ্রমিক সংঘের সভাপতি হেলাল উদ্দীন বলেন, ‘আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি।’
নিউমুরিং কনটেইনার টার্মিনাল ২০০৭ সালে নির্মাণ করা হয় এবং ২০০৮ সালে দেশীয় অপারেটর সাইফ পাওয়ারটেকের হাতে পরিচালনার দায়িত্ব দেওয়া হয়। ২০১৯ সালে আবুধাবিতে ডিপি ওয়ার্ল্ডের সাথে সমঝোতা সইয়ের পর ২০২৩ সালে বিদেশি অপারেটর নিয়োগের কার্যক্রম শুরু হয়।
চুক্তি অনুযায়ী, ডিপি ওয়ার্ল্ড বন্দরের ব্যবহারকারীদের কাছ থেকে মাশুল নেবে এবং বিনিময়ে এককালীন অর্থ ও কনটেইনারপ্রতি নির্ধারিত মাশুল প্রদান করবে। চুক্তির প্রাথমিক ব্যয় ২০৫ মিলিয়ন ডলার নির্ধারণ করা হয়েছে।
বন্দর বিশেষজ্ঞ মোহাম্মদ জাফর আলম জানান, চুক্তির শর্তাবলী সম্পর্কে তথ্য প্রকাশ না করার কারণে বিতর্ক সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, ‘চুক্তি জানানোর বিষয়টা এখানে বড় মূখ্য ভূমিকা পালন করবে।’
গত অর্থবছরে এনসিটিতে প্রায় ১৩ লাখ ৮৫ হাজার একক কনটেইনার ওঠানামা করেছে, যা চট্টগ্রাম বন্দরের মোট কনটেইনার পরিবহনের প্রায় ৪৪ শতাংশ।