দিল্লিতে নির্বাচন কমিশনকে ঘিরে বিরোধীদের সঙ্গে সরকারের সংঘাত আরও তীব্র হচ্ছে। মঙ্গলবারের বিক্ষোভে নয়াদিল্লির আকাশবাণী ভবনে অনুমতি ছাড়া প্রবেশের অভিযোগে কংগ্রেস নেতা রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধি ভদ্রসহ কয়েকজনের বিরুদ্ধে এফআইআর করেছে দিল্লি পুলিশ। বুধবার (৭ অক্টোবর) সকালে তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়।
এর আগে, নির্বাচন কমিশনের দফতরের দিকে মিছিল করেন কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী 'ইন্ডিয়া' জোটের নেতারা। তারা ভোটার তালিকা সংশোধন নিয়ে অনিয়মের অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগ দাবি করেন।
পুলিশ জানিয়েছে, দীর্ঘ অবস্থান কর্মসূচি থেকে রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধিকে আটক করা হয়, পরে দুই ঘণ্টা পর তাদের ছেড়ে দেওয়া হয়। এ ঘটনার পর বিরোধীরা আন্দোলন আরও জোরদারের ঘোষণা দিয়েছে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের সঙ্গে বৈঠক এবং রাষ্ট্রপতি ভবনের দিকে মিছিলের পরিকল্পনাও রয়েছে।
এদিকে, বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, রাহুল গান্ধি সাংবিধানিক প্রতিষ্ঠানকে দুর্বল করে দেশে অরাজকতা তৈরির চেষ্টা করছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) রাতে আকাশবাণী ভবনের সামনের চত্বর থেকে রাহুল গান্ধি ও প্রিয়াঙ্কা গান্ধিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়। তারা ছাড়াও 'ইন্ডিয়া' জোটের শীর্ষস্থানীয় বহু সাংসদ ও নেতাকর্মীকে পুলিশ আটক করে।