ইসরায়েলের আসন্ন নির্বাচনে জয়ী হয়ে মন্ত্রিসভায় ফিরতে পারলে ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ড কার্যকর করার প্রতিশ্রুতি দিয়েছেন জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত একটি ভিডিওতে বেন-গভিরকে এক ফিলিস্তিনি বন্দিকে সরাসরি মৃত্যুদণ্ডের হুমকি দিতে দেখা যায়। ভিডিওতে তিনি বন্দি হাসান সালামেহর উদ্দেশ্যে বলেন, ‘আমি তোমাকে মৃত্যুদণ্ড দিতে চাই।’
বেন-গভির ভিডিওটির সঙ্গে দেওয়া বিবৃতিতে উল্লেখ করেন, যদি তিনি প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পান, তাহলে সালামেহরের মতো বন্দিদের জন্য ‘মৃত্যুদণ্ড নিশ্চিত’ করবেন।
গাজা ও অধিকৃত পশ্চিম তীর থেকে ফিলিস্তিনিদের বিতাড়নের লক্ষ্যে তথাকথিত ‘অভিবাসন নীতি’ এগিয়ে নেওয়ার কথাও জানান তিনি।
হাসান সালামেহ ১৯৯৬ সাল থেকে ইসরায়েলি কর্তৃপক্ষের হেফাজতে রয়েছেন এবং ১৯৯০-এর দশকে প্রাণঘাতী বোমা হামলার ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে একাধিক যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন।
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস বেন-গভিরের এই ‘মৃত্যুর হুমকির’ নিন্দা জানিয়েছে। বেন-গভির ইসরায়েলের কট্টর ডানপন্থি রাজনীতির পরিচিত মুখ এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে কঠোর নীতির জন্য তিনি বিতর্কিত।