মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের উপর এক মারাত্মক বাস দুর্ঘটনায় ৩ জন নিহত হয়েছে। শুক্রবার বেলা ৪টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ঢাকাগামী পালকি পরিবহনের একটি বাস যান্ত্রিক ত্রুটির কারণে পাঁচ্চর সংলগ্ন বাখরেরকান্দি এলাকায় দাঁড়িয়ে ছিল। এ সময় পেছন থেকে ঢাকাগামী হানিফ পরিবহনের একটি বাস সজোরে পালকি পরিবহনের বাসটিকে ধাক্কা দেয়।
দুর্ঘটনার ফলে পালকি পরিবহনের তিন যাত্রী ঘটনাস্থলেই মারা যান এবং কমপক্ষে ১০ জন গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মুনতাসির রহমান বলেন, 'আমরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করেছি। তাদের পরিচয় শনাক্তের কাজ চলছে। আহতদের নিকটস্থ হাসপাতালে পাঠানো হয়েছে।'