শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
স্বাস্থ্য

ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে যুবকের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু ঘটেছে।

ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে যুবকের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তরে ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ৯টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে।

সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আব্দুস সোবাহানের ছেলে। স্বজনরা জানান, সিয়াম প্রায় এক সপ্তাহ ধরে জ্বরে ভুগছিলেন, তবে তিনি চিকিৎসার জন্য হাসপাতালে যাননি। বুধবার সন্ধ্যায় তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে তার বাবা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোবারক হোসেন মামুন জানান, সিয়ামকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষায় ডেঙ্গুর উপসর্গ পাওয়া যায়। তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছিল এবং অবস্থার দ্রুত অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

তিনি আরও বলেন, "হাসপাতালে নেওয়ার আগেই সিয়ামের মৃত্যু হয়।" ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে অবহেলা না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দেন তিনি।

বিজ্ঞাপন