তুরস্কের রাষ্ট্রীয় বিমান সংস্থা টার্কিশ এয়ারলাইনস বোয়িংয়ের কাছ থেকে ১৫০টি উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নিয়েছে। এই উড়োজাহাজগুলো ২০৩৩ থেকে ২০৩৭ সালের মধ্যে সরবরাহ করা হবে।
বুধবার টার্কিশ এয়ারলাইনস এক বিবৃতিতে জানায়, তারা ১০০টি বোয়িং ৭৩৭ ম্যাক্স উড়োজাহাজের ক্রয় আদেশ নিশ্চিত করেছে। এছাড়া আরও ৫০টি উড়োজাহাজ কেনার সুযোগ রাখা হয়েছে।
এই ঘোষণা নিউইয়র্কে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের উপস্থিতিতে দেওয়া হয়। এরদোগান জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে অংশগ্রহণের সময় মধ্যপ্রাচ্যের নেতাদের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকে ছিলেন।
ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন, এটি বোয়িং ও আমেরিকার উৎপাদন খাতের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন। তিনি আরও বলেন, এ চুক্তির মাধ্যমে কয়েক হাজার কোটি ডলারের বিক্রি হবে এবং যুক্তরাষ্ট্রে অনেক মানুষের কর্মসংস্থান হবে।
বার্তা সংস্থা এএফপি জানায়, তুরস্কের এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বিমান পরিবহন খাতে একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।