বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও জরিমানা।

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন কারাদণ্ড

টাঙ্গাইলে শিশু ধর্ষণ মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে টাঙ্গাইলের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুল মজিদ আসামির উপস্থিতিতে এ রায় দেন।

দণ্ডিত আসামি রশিদ মিয়া (৫৫) মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের আগছাওয়ালী গ্রামের গোলাম হোসেনের ছেলে। আদালত তাকে ২ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে ২ বছরের সশ্রম কারাদণ্ডও দেন।

টাঙ্গাইলের শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি খন্দকার মো. রোকুনুজ্জামান জানান, ২০২৪ সালের ১৪ এপ্রিল ১৪ বছরের এক শিশু তার দাদিকে ডাকার জন্য পুকুরপাড়ে যায়। এ সময় আসামি রশিদ মিয়া শিশুটিকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করেন।

ধর্ষণের পর আসামি শিশুটিকে ভয় দেখিয়ে বলেন, এ ঘটনা কাউকে জানালে শিশু ও তার পরিবারের সদস্যদের হত্যা করা হবে। পরে শিশুটির শারীরিক অবস্থা পরিবর্তিত হলে তার পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পারে।

ধর্ষণের ফলে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে এবং ২০২৪ সালের ২২ ডিসেম্বর ভিকটিম তার পিতার বাড়িতে কন্যা সন্তানের জন্ম দেয়।

ভিকটিম বাদী হয়ে ২০২৫ সালের ৫ ফেব্রুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন। আদালত মির্জাপুর থানাকে মামলাটি এজাহারের জন্য আদেশ দেন।

দণ্ডিত আসামি রশিদ মিয়ার ডিএনএ পরীক্ষার রিপোর্টে ভিকটিমের কন্যা সন্তানের পিতা হিসেবে নিশ্চিত হওয়া যায়। সব সাক্ষ্য প্রমাণ শেষে বিচারক রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন