গুরুতর হৃদরোগজনিত অসুস্থতার কারণে যুক্তরাষ্ট্রে কারাবন্দী ভেনেজুয়েলার সাবেক ফার্স্ট লেডি সিলিও ফ্লোরেস আদালতের কাছে গৃহবন্দিত্বের আবেদন করেছেন। তার আইনজীবীরা মার্কিন ফেডারেল আদালতে এই আবেদন দাখিল করেছেন।
আবেদনে উল্লেখ করা হয়েছে, মার্কিন ফেডারেল হেফাজতে থাকাকালে সিলিয়া ফ্লোরেসের হৃদযন্ত্রের জটিলতা আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। আইনজীবীরা দাবি করেছেন, গত ২৯ জুলাই কারাগারের ভেতরেই তিনি একটি মৃদু হার্ট অ্যাটাকের শিকার হন।
অভিযোগ করা হয়েছে যে, কারাগারে তিনি প্রয়োজনীয় ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাচ্ছেন না। এ অবস্থায় আসন্ন বিচারকাজ শুরুর আগ পর্যন্ত মানবিক দিক বিবেচনায় তাকে নিউইয়র্কের ম্যানহাটনে নিজ বাসায় গৃহবন্দী হিসেবে থাকার অনুমতি চাওয়া হয়েছে।
উল্লেখ্য, চলতি বছরের ৩ জানুয়ারি ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে মার্কিন সামরিক বাহিনীর এক নাটকীয় অভিযানের মাধ্যমে দেশটির তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করা হয় এবং সরাসরি নিউইয়র্কে নিয়ে আসা হয়। এরপর থেকেই সাবেক ফার্স্ট লেডি মার্কিন কারাগারে বন্দী রয়েছেন এবং সেখানে আসার পর থেকেই তার শারীরিক অবস্থা ক্রমশ অবনতির দিকে যাচ্ছে বলে দাবি করা হয়েছে।