দিল্লিতে রুশ রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। পুতিন বর্তমানে ব্রিকস সম্মেলনে অংশগ্রহণের জন্য তিন দিনের ভারত সফরে রয়েছেন।
দুজনের সাক্ষাতে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ ও দ্বিপাক্ষিক সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে। চলতি বছর এটি পুতিন ও মোদির মধ্যে দ্বিতীয় বৈঠক। এর আগে, ৩১ আগস্ট বিশকেকে অনুষ্ঠিত ২৬তম এসসিও শীর্ষ সম্মেলনে তাদের সাক্ষাৎ হয়।
শুক্রবারের বৈঠকে মোদী ও পুতিন মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং কৃষ্ণ সাগর অঞ্চলের সংঘাত নিয়ে আলোচনা করেন, যা সামুদ্রিক বাণিজ্য এবং ভারতীয় নাবিকদের নিরাপত্তা ও সুরক্ষাকে প্রভাবিত করছে। মোদী পুতিনকে জানান, সংঘাত নিরসনে সংলাপ ও কূটনীতিই একমাত্র পথ।
বৈঠকের আগে, মোদী পুতিনকে ভারতীয় তামিল কবি ও দার্শনিক তিরুভল্লুভার রচিত তিরুক্কুরালের রুশ অনুবাদ উপহার দেন। বইটি কৃষি ও কৃষকদের জীবন-সংস্কৃতি নিয়ে বিস্তৃত লেখা।
দ্বিপাক্ষিক বৈঠকের পর মোদি ও পুতিন একই গাড়িতে ভ্রমণ করেন। এটি তাদের মধ্যে তৃতীয়বার একই গাড়িতে চড়ার ঘটনা।