শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

রাজনীতিতে ভালো ও সৎ মানুষের অংশগ্রহণের আহ্বান

তথ্যমন্ত্রী বলেন, রাজনীতিতে ভালো ও সৎ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা উচিত।

রাজনীতিতে ভালো ও সৎ মানুষের অংশগ্রহণের আহ্বান

দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে জাতীয় সংসদ ভবনের এলডি হলে আয়োজিত এক সেমিনারে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, বিগত ১৭ বছরে নেতৃত্বে একটি বড় ক্রাইসিস সৃষ্টি হয়েছে। রাজনীতিবিদদের সন্তানরাও রাজনীতি করতে চায় না, যা একটি উদ্বেগজনক পরিস্থিতি। তিনি বলেন, রাজনীতি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু অনেকেই এ বিষয়টি বুঝতে চায় না।

তিনি আরও বলেন, রাজনীতিতে ভালো ও সৎ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা উচিত। তিনি একটি ইংরেজি উক্তি উল্লেখ করে বলেন, “ইফ ইউ ডোন্ট হ্যাভ আ গুড কুক, ইউ ক্যান্ট হ্যাভ গুড ফুড।” অর্থাৎ, ভালো বাবুর্চি ছাড়া ভালো খাবার তৈরি করা সম্ভব নয়, তেমনি ভালো রাজনীতিবিদ ছাড়া কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না।

তথ্যমন্ত্রী বলেন, যদি ভালো রাজনীতিবিদ তৈরি করা না যায়, তাহলে স্বপ্নের কথা বলার কোনো স্থায়িত্ব থাকবে না। অবকাঠামো উন্নয়ন, গ্যাস সরবরাহ ও শিল্পায়ন উন্নয়নের অংশ, তবে দেশের প্রয়োজন মানসম্মত ও টেকসই উন্নয়ন।

তিনি আরও বলেন, যারা বর্তমানে রাজনীতি করার সুযোগ পেয়েছেন, তাদের দায়িত্ব হলো পরবর্তী প্রজন্মের জন্য যোগ্য ও মেধাবীদের রাজনীতিতে নিয়ে আসার পথ তৈরি করা। তরুণদের রাজনীতিতে উৎসাহিত করার পাশাপাশি তাদের জন্য রাজনীতির পরিবেশ সহজ করতে হবে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে রাজনীতিতে আসতে পারে।

বিজ্ঞাপন