নাটোর পৌর এলাকায় হঠাৎ করে ডায়রিয়ার প্রকোপ বেড়ে গেছে। গত ২৪ ঘণ্টায় নাটোর জেনারেল হাসপাতালে শতাধিক রোগী ভর্তি হয়েছেন।
বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার বেলা ১২টা পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীদের চাপ নাটোর জেনারেল হাসপাতালের ডায়রিয়া ওয়ার্ডসহ অন্যান্য ওয়ার্ডে বেড়েছে। আক্রান্তদের মধ্যে বেশিরভাগই কানাইখালী, কান্দিভিটা, চকরামপুর, পটুয়াপাড়া, রামাইগাছি ও বড় হরিশপুর এলাকার বাসিন্দা।
হাসপাতালে চিকিৎসাধীন রোগী রাজু আহমেদ, ফয়সাল আহমেদ, মিতু বেগম, সুমাইয়া খাতুন ও তাদের স্বজন নুর মোহাম্মদ জানান, পৌরসভার সরবরাহ করা পানি পান করার পর তারা ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন।
তাদের মধ্যে একজন বলেন, "গতকাল হঠাৎ পেটের সমস্যা ও বমি শুরু হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসা হয়।" হাসপাতালে এসে তারা দেখেন, শহরের বিভিন্ন এলাকার আরও অনেক মানুষ একই ধরনের সমস্যা নিয়ে ভর্তি হয়েছেন।
নাটোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডের ইনচার্জ শাহিদা খাতুন জানান, হঠাৎ রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় চিকিৎসাসেবা দিতে হিমশিম খেতে হচ্ছে, তবে হাসপাতালের কাছে পর্যাপ্ত ওষুধ ও স্যালাইন মজুত রয়েছে।
নাটোরের সিভিল সার্জন ডা. মশিউর রহমান বলেন, প্রতিবছরই এ সময়ে ডায়রিয়া রোগীর সংখ্যা বাড়ে। গত এক সপ্তাহে প্রায় ৫০০ ডায়রিয়া আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।
তিনি জানান, পরিস্থিতি মোকাবিলায় হাসপাতালে স্যালাইন মজুতসহ প্রস্তুতি রয়েছে। ঋতু পরিবর্তন ও অনিরাপদ পানি পান করার কারণে ডায়রিয়ার প্রকোপ বাড়তে পারে। তাই সবাইকে পানি ফুটিয়ে পান করার পরামর্শ দেওয়া হচ্ছে।