বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

ঝিনাইদহে ভুয়া এনএসআই পরিচয়ে যুবক আটক

ঝিনাইদহে এনএসআই কর্মকর্তা পরিচয়ে যুবক আটক, তদন্ত চলছে।

ঝিনাইদহে ভুয়া এনএসআই পরিচয়ে যুবক আটক

ঝিনাইদহের কোটচাঁদপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা পরিচয়ে প্রভাব বিস্তারের অভিযোগে মো. রাকিবুল ইসলাম (২০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) কুশনা ইউনিয়নের তালসার বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

রাকিবুল শালকোপা গ্রামের মো. মহসীন আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে নিজেকে এনএসআইয়ের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছিলেন। তার আচরণ ও চলাফেরা নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সন্দেহ তৈরি হয়।

মঙ্গলবার তালসার বাজার এলাকায় রাকিবুলের পরিচয় নিয়ে সন্দেহ হলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশকে খবর দেন। পরে তালসার পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেন এবং কোটচাঁদপুর মডেল থানায় হস্তান্তর করেন।

তালসার পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) মো. তবিবার রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে রাকিবুলকে আটক করা হয়েছে। তাকে থানায় হস্তান্তর করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাকিবুলের সঙ্গে কোনো সংঘবদ্ধ চক্রের সম্পৃক্ততা রয়েছে কি না, ভুয়া পরিচয় ব্যবহার করে কারও কাছ থেকে অর্থ বা অন্য কোনো সুবিধা নিয়েছেন কি না— এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। তার কাছ থেকে ভুয়া পরিচয়পত্র বা অন্য কোনো সামগ্রী উদ্ধার হয়েছে কি না, তাও যাচাই করা হচ্ছে।

এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন