বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অপরাধ

লক্ষ্মীপুরে সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, আটক ১

লক্ষ্মীপুরে সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি করেছে দুর্বৃত্তরা। সাকিব নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

লক্ষ্মীপুরে সাংবাদিক জাহাঙ্গীর আলমকে গুলি, আটক ১

লক্ষ্মীপুরে দীপ্ত টিভির জেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলমকে গুলি করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার আটিয়াতলী এলাকায় এ ঘটনা ঘটে। তবে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন তিনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জাহাঙ্গীর আলম সাংবাদিকতার পাশাপাশি শিক্ষকতা করেন। তিনি মঙ্গলবার দুপুরে লক্ষ্মীপুর শহরের একটি স্কুল থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। আটিয়াতলী এলাকায় পৌঁছালে সাকিব ও তার কয়েকজন সহযোগী তার পথরোধ করেন এবং মোটরসাইকেলটি কেড়ে নেওয়ার চেষ্টা করেন। বাধা দিলে তারা জাহাঙ্গীরকে লক্ষ্য করে গুলি ছোড়ে।

জাহাঙ্গীর আলমের বড় ভাই সাংবাদিক আব্বাছ হোসেন জানান, সাকিবের সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসা নিয়ে সংবাদ প্রকাশ করায় ক্ষিপ্ত হয়ে সাকিব ও তার সহযোগীরা হামলা চালিয়েছে। জাহাঙ্গীর অল্পের জন্য প্রাণে বেঁচে যান।

স্থানীয়রা জানান, সাকিব হোসেন সদর উপজেলার আটিয়াতলী এলাকার সেলিম ড্রাইভারের ছেলে এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উপজেলা পর্যায়ের নেতা ছিলেন। তার বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজি ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে। সম্প্রতি জামিনে বের হয়ে আবারও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ রয়েছে।

এছাড়া, সাকিব ও তার সহযোগীদের গ্রেপ্তার এবং বিচারের দাবিতে স্থানীয় ব্যবসায়ী ও জনগণ সম্প্রতি জকসিন বাজারে বিক্ষোভ ও মানববন্ধন করেন। চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রব বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযুক্ত সাকিবকে আটক করে সদর থানায় পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।

বিজ্ঞাপন