মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু নিয়ে নতুন অনিশ্চয়তা

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চালু নিয়ে অনিশ্চয়তা বাড়ছে, সেফটি ভালভের সমস্যা সমাধানে সময় লাগবে।

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু নিয়ে নতুন অনিশ্চয়তা

চলতি বছরের এপ্রিলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোড করা হয়। তখন জানানো হয়েছিল, সেপ্টেম্বর থেকেই পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ পাওয়া যাবে জাতীয় গ্রিডে। তবে বর্তমানে বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা নিয়ে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।

রূপপুরের প্রথম ইউনিটে ৯০টিরও বেশি পরীক্ষা-নিরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে, কিন্তু একটি গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ, যাকে বলা হয় ‘পাইলট-অপারেটেড রিলিফ ভালভ’ বা পিওআরভি (PORV), টেস্টে পাস করতে পারছে না। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, রিয়েক্টরের ভেতরে থাকা দুটি সেফটি ভালভ স্বয়ংক্রিয়ভাবে কাজ করছে না।

যখন পারমাণবিক চুল্লির ভেতরে তাপমাত্রা ২৮০ থেকে ৩০০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায় এবং চাপ ১৮-এর ওপরে চলে যায়, তখন এই ভালভগুলো স্বয়ংক্রিয়ভাবে খুলে অতিরিক্ত বাষ্প বের করে দেয়। কিন্তু রূপপুরে বারবার পরীক্ষার পরও এই ভালভগুলো ঠিক সময়ে খুলছে না। রাশিয়ার রোসাটমের বিজ্ঞানীরা এটি মেরামতের চেষ্টা করলেও এখনো সফলতা আসেনি।

পারমাণবিক চুল্লির নিরাপত্তা ব্যবস্থার জন্য এই ভালভগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর কার্যকারিতা ব্যাহত হলে ঘটতে পারে ভয়াবহ দুর্ঘটনা। ১৯৭৯ সালের ‘থ্রি মাইল আইল্যান্ড’ দুর্ঘটনার উদাহরণ উল্লেখ করে বিশেষজ্ঞরা সতর্ক করছেন।

বর্তমান সমস্যার সমাধান কী? বিজ্ঞানীরা জানিয়েছেন, যদি বর্তমান ভালভগুলো মেরামত করা সম্ভব হয়, তবে দ্রুত সমাধান আসতে পারে। অন্যথায়, নতুন ডিজাইনের ভালভ আনতে হবে, যা সময়সাপেক্ষ।

রূপপুর প্রকল্পের সঠিক তথ্যের অভাব জনমনে উৎকণ্ঠা ও গুজব তৈরি করছে। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় জানিয়েছে, নিরাপত্তার কারণে নির্দিষ্ট তারিখ দেওয়া সম্ভব নয়। তবে গবেষকরা বলছেন, বিদ্যুৎ উৎপাদনে যেতে অন্তত ১০ মাস থেকে ১ বছর সময় লাগবে।

বিজ্ঞাপন