মার্কিন কংগ্রেসম্যান টেড লিউ ইরানকে ‘ব্যর্থ রাষ্ট্র’ হিসেবে আখ্যা দেওয়ার ট্রাম্প প্রশাসনের দাবিকে প্রশ্নবিদ্ধ করেছেন। তিনি বলেন, ‘ইরান যদি ব্যর্থ রাষ্ট্র হয়, তাহলে তারা কীভাবে আমাদের সামরিক ঘাঁটি ও মিত্রদের লক্ষ্য করে ড্রোন এবং ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে?’
ডেমোক্র্যাট কংগ্রেসম্যান লিউ এমএসএনবিসি-কে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রে জ্বালানির বাড়তি দামের বিষয়টিও তুলে ধরেন। তিনি জানান, ‘আমেরিকাজুড়ে গ্যাসের গড় দাম এখন ৪ দশমিক ১২ ডলার, এটা কীভাবে হচ্ছে?’
লিউ অভিযোগ করেন, ট্রাম্প প্রশাসন ইরানের পরিস্থিতি নিয়ে মার্কিন জনগণকে পুরো সত্য জানাচ্ছে না। তিনি বলেন, ‘হোয়াইট হাউস স্পষ্টতই সত্য বলছে না। তাদের উচিত আমেরিকার জনগণের কাছে সবকিছু পরিষ্কার করা।’
এছাড়া, ইরানকে ঘিরে চলমান সংঘাতের সমাপ্তি নিয়ে প্রশ্ন তোলেন লিউ। তিনি বলেন, ‘বারবার পাল্টাপাল্টি হামলা চালিয়ে এই ‘অন্তহীন যুদ্ধ’ থেকে যুক্তরাষ্ট্র কীভাবে বেরিয়ে আসবে, সেটিই এখন গুরুত্বপূর্ণ প্রশ্ন।’
টেড লিউ'র মন্তব্যের সময় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে। এদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সংঘাতের মাত্রাকে খাটো করে একে যুক্তরাষ্ট্রের জন্য ‘ছোটখাটো বিষয়’ হিসেবে বর্ণনা করেছেন।
ইরানের পাল্টা ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত থাকার বিষয়টিও মার্কিন সামরিক অভিযানের কার্যকারিতা নিয়ে দেশটির অভ্যন্তরে রাজনৈতিক বিতর্ক বাড়িয়েছে।