ভারতের সাথে সম্পর্ক উন্নয়নের গুরুত্ব তুলে ধরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, "হাজার সমস্যা থাকলেও আলোচনার পথ বন্ধ নেই।" শনিবার (৫ সেপ্টেম্বর) সিলেটে টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইমজার নেতৃবৃন্দের সাথে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের দিন-তারিখ এখনও চূড়ান্ত হয়নি এবং এ বিষয়ে আলোচনা চলছে। তবে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই বলে জানান তিনি।
মক্কা চুক্তি নিয়ে আলোচনা প্রসঙ্গে তিনি বলেন, "মক্কা চুক্তি নিয়ে আলাপ-আলোচনা চলছে। এতে যুক্ত হওয়া বাংলাদেশের জন্য অস্বাভাবিক নয়।" তিনি আরও উল্লেখ করেন, অনেক দেশ বর্তমানে একাধিক নিরাপত্তা জোটে রয়েছে এবং জাতীয় স্বার্থের ভিত্তিতে প্রয়োজন হলে সেখানে যোগদান করা হবে।
জ্বালানি খাতের দুর্নীতি বিষয়ে তিনি বলেন, "এনার্জি সেক্টরে দুর্নীতি নিয়ে আলোচনা করা হলে বিষয়টি স্পষ্ট হবে।" প্রধানমন্ত্রী জ্বালানি খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন এবং সংকট সমাধানে সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে জানান তিনি।
যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং কেনার প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, "বোয়িং কিনতে হবে, এটা কেউ চাপিয়ে দিচ্ছে না।" তিনি জানান, চাহিদার ভিত্তিতে আমেরিকা থেকে বোয়িং কেনা হচ্ছে এবং প্রয়োজনে আরও কেনা হবে।