জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দাবি আদায় করেই ঘরে ফিরবেন। তিনি ১১ দলীয় ঐক্যের ঢাকা-চট্টগ্রাম লং মার্চে কুমিল্লার পদুয়ার বাজারে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান।
ডা. শফিকুর রহমান দেশের জ্বালানি ও বিদ্যুৎ সংকটের প্রসঙ্গ তুলে ধরে সরকারের প্রতি কঠোর বার্তা দেন। তিনি বলেন, ‘গণভোটের গণরায় বাস্তবায়নসহ ৬ দফা দাবি আদায়ে আমরা লং মার্চ ঘোষণা করেছি- সে দাবি আদায় করেই ঘরে ফিরব।’
তিনি আরও উল্লেখ করেন, ‘দেশের জনগণ আমাদের সঙ্গে আছে। গণভোটের রায় বাস্তবায়নসহ দুর্নীতি ও চাঁদাবাজির বিরুদ্ধে আমরা লং মার্চে নেমেছি। সরকারকে জনগণের মনের ভাষা বুঝতে হবে।’
সমাবেশে জামায়াতের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও কর্নেল অলি আহমেদ বক্তব্য রাখেন। তারা বলেন, জনগণের রায়কে সরকার প্রত্যাখ্যান করলে সরকারকে জনগণ প্রত্যাখ্যান করবে।
লং মার্চকে কেন্দ্র করে দাউদকান্দি ও কুমিল্লার পথসভায় ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মী ও সমর্থকদের ব্যাপক উপস্থিতি দেখা যায়। তারা বিভিন্ন স্লোগান দিয়ে সরকারের নীতির প্রতিবাদ জানান এবং জনগণের বিভিন্ন দাবি বাস্তবায়নের আহ্বান জানান। এরপর লং মার্চের বহরটি চট্টগ্রামের উদ্দেশে কুমিল্লা ছাড়ে।