শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা মামলা: পিবিআই প্রতিবেদন প্রকাশ

তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা মামলায় পিবিআই প্রতিবেদন প্রকাশ করেছে, তবে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা মামলা: পিবিআই প্রতিবেদন প্রকাশ

অভিনেত্রী তানজিন তিশার বিরুদ্ধে ফ্যাশন ডিজাইনার আয়েশাহ আনুম ফায়যাহ সানায়া চৌধুরীর করা প্রতারণা ও বিশ্বাসভঙ্গের মামলায় পুলিশের তদন্ত প্রতিবেদনে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতউল্লাহর আদালতে বাদীপক্ষের আইনজীবী শুভ্র সিনহা রায় রনি নারাজি আবেদন জমা দেন। তিনি জানান, আগামী ২০ অক্টোবর বাদী ও তিন সাক্ষীকে আদালতে হাজির হতে বলা হয়েছে। ওইদিন নারাজি আবেদনের ওপর শুনানি হবে।

মামলাটি ২০২৫ সালের ২৭ নভেম্বর দায়ের করা হয়। বাদীর অভিযোগ, ২০২৪ সালের ১৩ ডিসেম্বর একটি অনুষ্ঠানে পরার জন্য তানজিন তিশা তার কাছ থেকে ৭৫ হাজার টাকা মূল্যের একটি শাড়ি নেন। অনুষ্ঠান শেষে শাড়িটি ফেরত দেওয়ার কথা থাকলেও সেটি ফেরত দেওয়া হয়নি।

বাদী অভিযোগ করেন, শাড়িটি ফেরত চাওয়ার পর তিশা তাকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন। পরে ২০২৫ সালের ১০ নভেম্বর ম্যাসেঞ্জারে মামলা করার এবং সামাজিকভাবে হেয় করার হুমকি পাওয়ার অভিযোগে গুলশান থানায় সাধারণ ডায়েরি করেন তিনি।

পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, তিশা তার সাবেক চালকের মাধ্যমে শাড়িটি নিয়েছিলেন। তদন্তকালে ম্যাসেঞ্জার কথোপকথন পর্যালোচনা করে পিবিআই জানায়, ২০২৪ সালের ১৫ ডিসেম্বর শাড়ি ফেরত চেয়ে সানায়া বার্তা পাঠালেও সেটি তিশা দেখেননি।

তিশার বক্তব্য অনুযায়ী, তার সাবেক চালক শাড়িটি ফেরত না দিয়েই চাকরি ছেড়ে চলে যান। পরে মামলার বিষয়টি জানতে পেরে ডাকযোগে শাড়িটি ফেরত পাঠান তিশা। পিবিআইয়ের প্রতিবেদনে বলা হয়, শাড়ি ফেরত পাঠানোর কারণে প্রতারণার অভিযোগের প্রমাণ পাওয়া যায়নি।

বাদীপক্ষের অভিযোগ, তদন্তের সময় হুমকির অডিওসহ বিভিন্ন প্রমাণ দেওয়ার পরও সেগুলো যথাযথভাবে বিবেচনায় নেওয়া হয়নি। এ কারণে পিবিআইয়ের প্রতিবেদন গ্রহণ না করে আদালতে নারাজি আবেদন করেছেন তারা। তানজিন তিশার বিরুদ্ধে এটি দ্বিতীয় মামলা। এর আগে অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’র কাছ থেকে প্রায় ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।

বিজ্ঞাপন