যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে নিয়োগ, বদলি, পদোন্নতি ও কেনাকাটায় সিন্ডিকেটের মাধ্যমে কয়েক কোটি টাকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে। এই চিঠিতে বিগত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং আরও তিনজনের সকল নথিপত্র চাওয়া হয়েছে।
দুদক সচিব সাইদুর রহমান খান জানান, অভিযুক্ত ৪ জনের মধ্যে যুব ও ক্রীড়া সচিবও রয়েছেন। তিনি আজ বৃহস্পতিবার বিকেলে দুদকের প্রধান কার্যালয়ে এসব তথ্য জানান।
দুদক সূত্রে জানা গেছে, অভিযোগের সুষ্ঠু তদন্তের জন্য উপপরিচালক মো. জাহিদ কালামের নেতৃত্বে চার সদস্যের একটি বিশেষ অনুসন্ধান টিম গঠন করা হয়েছে। অভিযুক্ত ৪ জন হলেন সাবেক যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, যুব ও ক্রীড়া সচিব মো. মাহবুব-উল-আলম, যুগ্ম সচিব শেখ মোহাম্মদ জোবায়েদ হোসেন এবং যুব-১ শাখার উপসচিব মো. মাসুম আহমেদ।
এই ৪ জনের বিরুদ্ধে হিসাব বহির্ভূত কয়েকটি কোটি টাকার লেনদেনের অভিযোগ রয়েছে। দুদকের অনুসন্ধান তালিকায় থাকা তথ্য অনুযায়ী, এই সিন্ডিকেটটি মন্ত্রণালয়ের বিভিন্ন কার্যক্রমে প্রায় ৪ কোটি ২৬ লাখ টাকার আর্থিক কেলেঙ্কারির সাথে জড়িত।
গতকাল বুধবার দুদকের মুখপাত্র গণমাধ্যমকে জানান, আসিফ মাহমুদসহ ৪ জনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে অনুসন্ধান শুরু হয়েছে। পরবর্তীতে আসিফ মাহমুদ এক সংবাদ সম্মেলনে তাঁর বিরুদ্ধে উঠা দুর্নীতির অভিযোগ নাকচ করে দেন এবং সরকারের বিরোধী পক্ষকে দমন করতে দুদককে হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ করেন। তিনি দুদক মুখপাত্রের বিরুদ্ধে মানহানি মামলা করার হুঁশিয়ারিও দেন।