শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
জাতীয়

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আলবার্টা যাত্রা শুরু

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আলবার্টা আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে কানাডার আলবার্টা প্রদেশে।

ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আলবার্টা যাত্রা শুরু

কানাডার আলবার্টা প্রদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব আলবার্টা’।

রোববার (১৬ আগস্ট) এডমন্টনের রান্ডল পার্কে এক মনোরম পরিবেশে আয়োজিত প্রীতি পিকনিকে সাবেক শিক্ষার্থীরা মিলিত হন। এ অনুষ্ঠানে সংগঠনটির প্রথম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়, যেখানে ৩৩ জন সাবেক শিক্ষার্থী অংশ নেন।

সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের আনুষ্ঠানিক গঠনতন্ত্র অনুমোদন করা হয়। নবগঠিত এই প্ল্যাটফর্মটি শুধু পারস্পরিক সম্প্রীতি রক্ষা করাই নয়, বরং মানবিক ও সামাজিক কল্যাণমূলক লক্ষ্য নিয়ে কাজ করবে।

সংগঠনটি আলবার্টায় নতুন আসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আবাসন ও কর্মসংস্থানসহ স্থানীয়ভাবে থিতু হতে প্রয়োজনীয় দিকনির্দেশনা ও সহায়তা প্রদান করবে। এছাড়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত আর্থিক সংকটে থাকা শিক্ষার্থীদের জন্য নিয়মিত শিক্ষাবৃত্তির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

সভায় বাংলাদেশে যেকোনো প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর প্রত্যয়ও ব্যক্ত করা হয়। সংগঠনের সার্বিক কার্যক্রম পরিচালনার জন্য নয় সদস্যের একটি পূর্ণাঙ্গ গভর্নিং বডি নির্বাচিত হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন ড. মোহাম্মদ রহিম এবং সহসভাপতি হয়েছেন মো. তারেক সুলতান। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ড. এইচ এম আশরাফ আলী।

অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি ড. মোহাম্মদ রহিম সংগঠনের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন এবং প্রবাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য সমুন্নত রেখে মানবিক কর্মকাণ্ডে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

বিজ্ঞাপন