প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি আজ মঙ্গলবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, "অবশ্যই প্রধানমন্ত্রী ভারত যাবেন। ভারতে প্রধানমন্ত্রীর সফর নিয়ে পুনরায় আলোচনা চলছে।"
প্রতিমন্ত্রী জানান, সফরের তারিখ এখনও নির্ধারিত হয়নি। তিনি উল্লেখ করেন, "আলাপ আলোচনা চলছে। আলাপ আলোচনার সময় ধরেন একটা ডেট সেট করবো।"
সাম্প্রতিক সময়ে তারেক রহমানের ভারত সফর নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা হয়েছে। এই প্রেক্ষাপটে প্রতিমন্ত্রী সরকারের অবস্থান পরিষ্কার করেছেন।
হুমায়ুন কবির বলেন, "৫ই অগাস্টের দিল্লির ঘটনা বাংলাদেশের মানুষকে হার্ট করেছে। আমরা সেই বিষয়টি রেইস করেছি।" তিনি আরও জানান, "যখন টাইমিং হবে তখন প্রধানমন্ত্রী ভারত সফর করবে। আমরা এখনো কোন ডেট সেট করি নাই।"
এছাড়া, যুক্তরাষ্ট্র থেকে উড়োজাহাজ ক্রয়ের প্রসঙ্গেও সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, "কোনো ধরনের চাপের কারণে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কাছ থেকে বোয়িং উড়োজাহাজ কিনছে না। বাংলাদেশের নিজস্ব প্রয়োজন ও চাহিদা বিবেচনা করেই এসব উড়োজাহাজ কেনার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।"