প্রায় দেড় বছর ধরে বন্ধ থাকা ঐতিহ্যবাহী আশুগঞ্জ সার কারখানা পুনঃচালুর দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৯টার দিকে শ্রমিক-কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সৈয়দ নজরুল ইসলাম সেতুর টোল প্লাজার সামনে বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনের পর বিক্ষুব্ধ শ্রমিক-কর্মচারীরা কিছু সময়ের জন্য ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেন। এ সময় আশুগঞ্জ উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি ও তাদের অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পূর্ণ সংহতি প্রকাশ করেন। স্থানীয় সিএনজি, ট্রাক ও রিকশা মালিক সমিতির নেতাকর্মীরাও সমাবেশে যোগ দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা অভিযোগ করেন, লাভজনক ও কৃষিবান্ধব প্রতিষ্ঠানটি পরিকল্পিতভাবে বন্ধ রাখা হয়েছে। বক্তারা বলেন, কারখানার মূল্যবান জমি ব্যক্তিস্বার্থে লিজ দেওয়ার গভীর পাঁয়তারা চলছে।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, আশুগঞ্জ সার কারখানা দ্রুত চালু না করা হলে এবং জমি লিজ দেওয়ার ষড়যন্ত্র বন্ধ না হলে আগামীতে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।