বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
ব্রেকিং
অর্থনীতি

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো ৪,৪৭৪ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম ৪,৪৭৪ টাকা কমলো। নতুন দাম কার্যকর হয়েছে ৩১ আগস্ট থেকে।

দেশের বাজারে স্বর্ণের দাম কমলো ৪,৪৭৪ টাকা

দেশের বাজারে স্বর্ণের দাম ফের কমানো হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের গহনার দাম ৪ হাজার ৪৭৪ টাকা কমিয়ে ২ লাখ ৩৬ হাজার ২৫৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানায়, সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে। বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে এই দাম কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়।

কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম হ্রাস পাওয়ায় এই দাম কমানোর উদ্যোগ নেওয়া হয়।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৫ হাজার ৬৪০ টাকায়, ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ৯৩ হাজার ৭৩৯ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫৮ হাজার ২৮০ টাকায়।

স্বর্ণের পাশাপাশি রূপার দামও কমেছে। ২২ ক্যারেটের এক ভরি রূপার দাম ১৭৫ টাকা কমিয়ে ৫ হাজার ১৩২ টাকায় নির্ধারণ করা হয়েছে।

বিজ্ঞাপন