অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে ব্যাটিং ব্যর্থতার কারণে সেমিফাইনাল থেকেই বিদায় নিয়েছে বাংলাদেশ হাই-পারফরম্যান্স (এইচপি) দল। রোববার (৩০ আগস্ট) অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে ভিক্টোরিয়া ক্রিকেট একাডেমির কাছে ১ উইকেটে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় শামিম পাটোয়ারি ও সাব্বির রহমানদের দল।
ডারউইনের গার্ডেন ওভালে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ১৭.১ ওভারে মাত্র ১০১ রানে অলআউট হয়ে যায়। টপ অর্ডারে জিসান আলমের ৩০ ও আরিফুল ইসলামের ১৯ রান ছাড়া অন্য কোনো ব্যাটার বড় সংগ্রহ দাঁড় করাতে পারেননি। জাতীয় দলের খেলোয়াড় সাব্বির রহমান, শামিম পাটোয়ারি এবং অধিনায়ক ইরফান শুক্কুরও ব্যর্থ হন।
ভিক্টোরিয়ার হয়ে উইল সাদারল্যান্ড সর্বোচ্চ ৪টি উইকেট নেন। ১০২ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে ভিক্টোরিয়াও শুরুতে ১ রানে প্রথম উইকেট হারায়। তবে নিয়মিত বিরতিতে তাদের উইকেট পতন ঘটে। দলের পক্ষে সর্বোচ্চ ২৩ রান করেন ক্যাম্পবেল ক্যালাওয়ে।
ম্যাচের শেষ দিকে স্পিনার মোহাম্মদ রুবেলের ঘূর্ণিতে জয়ের আশা জেগেছিল এইচপির ক্যাম্পে। রুবেল ৩টি ও শামিম পাটোয়ারি ২টি উইকেট তুলে নিয়ে চাপ তৈরি করলেও তা শেষ রক্ষা করতে পারেনি। ইনিংসের শেষ ওভারে ২ বল বাকি থাকতেই ৯ উইকেট হারিয়ে নাটকীয় জয় নিশ্চিত করে ভিক্টোরিয়া দল।