শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

স্পেনের বুনিওলে ২২ হাজার মানুষের টমেটো যুদ্ধ

স্পেনের বুনিওলে ২২ হাজার মানুষের অংশগ্রহণে টমেটো যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে।

স্পেনের বুনিওলে ২২ হাজার মানুষের টমেটো যুদ্ধ

স্পেনের ছোট্ট শহর বুনিওল গতকাল এক ঘণ্টার জন্য টমেটো যুদ্ধের ময়দানে পরিণত হয়। লা টোমাটিনার উৎসবে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রায় ২২ হাজার মানুষ অংশগ্রহণ করেন। এবারের উৎসবে ব্যবহার করা হয়েছে দেড়শ টনের বেশি টমেটো।

১৯৪৫ সালে স্থানীয়দের মধ্যে এক আকস্মিক ঝগড়ার পর থেকে শুরু হওয়া এই অনুষ্ঠান এখন বিশ্বের অন্যতম জনপ্রিয় উৎসবে পরিণত হয়েছে। উৎসবের শুরুতেই ট্রাক থেকে নিচের জনতার দিকে একের পর এক টমেটো ছোড়া হয়, যা সঙ্গে সঙ্গে পাল্টা আক্রমণের সূচনা করে।

বুনিওলের স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি জাপান, যুক্তরাজ্য, পর্তুগালসহ বিভিন্ন দেশের পর্যটকরা এবারের উৎসবে অংশ নেন। অংশগ্রহণকারীরা ১৫০ টনের বেশি পাকা নরম টমেটো একে অপরের দিকে ছুড়ে মেরে পুরো শহরকে লাল রঙে রাঙিয়ে তোলেন।

একজন অংশগ্রহণকারী বলেন, ‘এটা অসাধারণ ছিল। আমরা এই দিনের জন্য যুক্তরাজ্য থেকে এত দূর এসেছি। এটা সত্যিই অসাধারণ অভিজ্ঞতা।’ অন্য একজন বলেন, ‘এটা সত্যিই একটা লড়াই ছিল। বন্ধুদের সঙ্গে এসেছি। মনে হয় আমরাই জিতেছি!’

সাদা পোশাক পরা অংশগ্রহণকারীদের জামাকাপড় গোলাপি ও লালে রঞ্জিত হয়ে যায়। টমেটো ছোড়ার পাশাপাশি উল্লাস, নাচ-গান এবং ছবি তোলার প্রতিযোগিতা চলে। একসময় পুরো রাস্তা টমেটোর পাল্পে ঢেকে যায়।

টমেটো ছোড়ার আগে অংশগ্রহণকারীদের সেটি চেপে নরম করে নিতে হয়, যাতে কেউ আহত না হয়। একজন আয়োজক বলেন, ‘সবচেয়ে ভালো অংশ হলো ট্রাকগুলো চলে যাওয়ার পর মাটিতে শুয়ে পড়া, এতে অভিজ্ঞতাটা পুরোপুরি উপভোগ করা যায়।’

১৯৪৫ সালে বুনিওলের স্থানীয় বাসিন্দাদের একটি আকস্মিক হাতাহাতি থেকেই শুরু হয়েছিল এই টমেটো যুদ্ধ, যা পরবর্তীতে স্পেনের বার্ষিক উৎসবে পরিণত হয়।

বিজ্ঞাপন