শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
ব্রেকিং
আন্তর্জাতিক

নেপাল ও তিব্বতে বন্যায় নিহত ৩৩২, নিখোঁজ দেড় হাজার

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যায় নিহত ৩৩২, নিখোঁজ দেড় হাজারের বেশি মানুষ।

নেপাল ও তিব্বতে বন্যায় নিহত ৩৩২, নিখোঁজ দেড় হাজার

নেপাল ও তিব্বতে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৩২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া ৮ শয়ের বেশি বিদেশি পর্যটকসহ এখনো নিখোঁজ প্রায় দেড় হাজার মানুষ রয়েছে। নিখোঁজদের মধ্যে ভারতের ১৭৮, যুক্তরাষ্ট্রের ৬৫, মালয়েশিয়ার ৫৫, ইউক্রেনের ৫৩, অস্ট্রেলিয়ার ৩৫ এবং যুক্তরাজ্যের ৩৩ জন রয়েছে।

আকস্মিক এ বন্যার কোনো পূর্বসতর্কতা ছিল না। হঠাৎ করে চীনের দিক থেকে পানির তীব্র স্রোত নেমে আসে ভোতেকোশি ও ত্রিশূলী নদীর তীরবর্তী ট্রেকিং রুট এবং জনপদগুলোতে। কাদা ও ধ্বংসাবশেষে একাধিক গ্রাম নিশ্চিহ্ন হয়ে যায়।

বুধবারের দৃশ্য যেন সিনেমার দৃশ্যকে হার মানায়। নেপালের কয়েক দশকের মধ্যে এটি অন্যতম ভয়াবহ প্রাণঘাতী দুর্যোগ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। ড্রোন ও স্যাটেলাইট ছবিতে সেই ভয়াবহতা স্পষ্ট দেখা গেছে।

রসুয়া ও নুয়াকোট জেলার বেশ কয়েকটি এলাকা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধার কার্যক্রমে নেপালের ২ হাজার সেনাসদস্য মোতায়েন করা হয়েছে। দুর্গম এলাকায় পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করা হচ্ছে, তবে বন্যার স্রোতে সড়ক, সেতু ও যোগাযোগব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় অভিযান ব্যাহত হচ্ছে।

তিব্বতের জিরোং এলাকাতেও ভবন ও সড়ক ভেঙে পড়েছে। সেখানেও চলছে উদ্ধার অভিযান। জাতিসংঘ নেপাল ও চীনে ভয়াবহ বন্যায় হতাহত ও ধ্বংসযজ্ঞে গভীর শোক জানিয়েছে।

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক জানান, ‘নেপালে জাতিসংঘ ও মানবিক সহায়তাকারী সংস্থাগুলো সরকারের নেতৃত্বে উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে সহায়তা করছে।’ বিশ্ব স্বাস্থ্য সংস্থা ইতিমধ্যে চিকিৎসা সামগ্রী, তাঁবু ও প্রয়োজনীয় সহায়তা নিয়ে মাঠে পৌঁছেছে।

যুক্তরাষ্ট্র পাঁচ লাখ ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে, এবং গিরং এলাকায় প্রায় ৬০০ উদ্ধারকর্মী মোতায়েন করেছে চীন। ইউরোপীয় ইউনিয়ন ও ভারতও সহায়তায় প্রস্তুত রয়েছে। বিশেষ উদ্ধারদল পাঠিয়েছে দক্ষিণ কোরিয়া।

বিশেষজ্ঞরা ভবিষ্যতে এমন দুর্যোগ মোকাবিলায় সীমান্তবর্তী আগাম সতর্কতা ব্যবস্থার ওপর জোর দিচ্ছেন।

বিজ্ঞাপন