চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়নের হার ১ শতাংশের নিচে অবস্থান করছে। পরিকল্পনা মন্ত্রণালয়ের আইএমইডি'র প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, জুলাই মাসে সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ এডিপি’র আওতায় ২ হাজার ১২১ দশমিক ১৮ কোটি টাকা ব্যয় করেছে, যা মোট বরাদ্দের মাত্র শূন্য দশমিক ছয় নয় শতাংশ।
এই সময়ে স্বাস্থ্যসেবা, পরিবার কল্যাণ, সেতু বিভাগ এবং পররাষ্ট্র, বাণিজ্য, শিল্প মন্ত্রণালয়সহ ১০টি বিভাগ ও মন্ত্রণালয় এক টাকাও খরচ করতে পারেনি।
আইএমইডি’র কর্মকর্তারা জানান, অর্থবছরের শুরুতে সাধারণত অর্থব্যয় কম থাকে এবং পরবর্তী সময়ে তা ধীরে ধীরে বৃদ্ধি পায়।
চলতি অর্থবছরে মোট এডিপি’র আকার ৩ লাখ ৮ হাজার ৯২৪ দশমিক ৮৬ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের মোট প্রকল্পের সংখ্যা ১ হাজার ১৭২টি।