জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) নতুন আয়কর আইনে বার্ষিক বিক্রির ওপর ন্যূনতম টার্নওভার কর ১ শতাংশ আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বার্ষিক মোট বিক্রি ২ কোটি টাকার বেশি হলে টার্নওভার কর হবে দশমিক ৫ শতাংশ।
এনবিআর সূত্রে জানা গেছে, ২ কোটি টাকা পর্যন্ত বিক্রি করমুক্ত থাকবে। আগামী কয়েকদিনের মধ্যে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হতে পারে, যা বর্তমানে অর্থ মন্ত্রণালয় থেকে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে।
নতুন নিয়ম অনুযায়ী, ২ কোটি টাকার কম বিক্রির ক্ষেত্রে কোনো কর দিতে হবে না। তবে ২ কোটি থেকে ৪ কোটি টাকার মধ্যে বিক্রি হলে টার্নওভার কর হবে দশমিক ৫ শতাংশ এবং ৪ কোটি টাকার বেশি হলে কর হবে ১ শতাংশ।
ব্যবসায় লাভ-লোকসান নির্বিশেষে মোট বিক্রির ওপর কর ন্যূনতম ১ শতাংশ আরোপ করায় ব্যবসায়ী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সমস্যা তৈরি হতে পারে। এনবিআরের এই সিদ্ধান্ত পরিবর্তনের ফলে ব্যবসায়ীরা কিছুটা স্বস্তি পাবেন বলে আশা করা হচ্ছে।