কান্ট্রি মিউজিকের কিংবদন্তি শিল্পী ও গীতিকার ডলি পার্টন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। মঙ্গলবার (২৫ আগস্ট) তার মৃত্যুর খবর নিশ্চিত করেন ব্রায়ান সিভার।
ব্রায়ান ইনস্টাগ্রামে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানান, পার্টন পরিবারের পক্ষ থেকে তিনিই আনুষ্ঠানিকভাবে ডলি পার্টনের মৃত্যুর খবর জানাচ্ছেন। তিনি বলেন, বহু বছর আগে তার ফুফু তাকে ডলির মৃত্যুর খবর জানানোর দায়িত্ব দিয়ে রেখেছিলেন।
ডলির মৃত্যুতে দুঃখ প্রকাশ করে ব্রায়ান বলেন, “ডলি সারাজীবন সংগীত নিয়েই ছিলেন। তিনি বিশ্বের বিভিন্ন প্রান্তের গায়ক, গীতিকার ও স্বপ্নবাজ মানুষের জন্য সম্ভাবনার দরজা খুলে দিয়েছেন।”
মৃত্যুর মাত্র চার দিন আগে, ২১ আগস্ট, নিজের শারীরিক অবস্থা নিয়ে কথা বলেছিলেন ডলি পার্টন। তিনি জানান, স্বামী কার্ল ডিনের মৃত্যুর পর নিজের স্বাস্থ্যের দিকে মনোযোগ দিতে পারেননি।
ডলি বলেন, “আমি এখনো শারীরিকভাবে পুরোপুরি সেরে উঠিনি। তবে আমি যতদিন পারি কাজ করে যাব, যতক্ষণ না আমার স্বপ্নগুলো বাস্তবে রূপ নেয়।”
১৯৪৬ সালে যুক্তরাষ্ট্রের টেনেসির পিটম্যান সেন্টারে জন্মগ্রহণ করেন ডলি পার্টন। তিনি ১১ ভাইবোনের মধ্যে বেড়ে উঠেন এবং শৈশবের সীমাবদ্ধতা তাকে কখনো আটকে রাখতে পারেনি।
ডলি ১৯৬৪ সালে ন্যাশভিলে চলে যান এবং সেখানে গান গাওয়ার পাশাপাশি অন্য শিল্পীদের জন্য গান লিখতে শুরু করেন। পরবর্তী সময়ে কান্ট্রি তারকা পোর্টার ওয়াগনারের সাথে তার ক্যারিয়ার নতুন মোড় নেয়।
ডলির ক্যারিয়ারে উল্লেখযোগ্য গানগুলোর মধ্যে রয়েছে ‘Jolene’, ‘I Will Always Love You’, এবং ‘9 to 5’। তিনি ১১টি গ্র্যামি অ্যাওয়ার্ডসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।
বিশ্বজুড়ে ১৬ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হওয়ায় ডলি পার্টনকে ইতিহাসের সবচেয়ে বেশি বিক্রি হওয়া নারী কান্ট্রি মিউজিক শিল্পী হিসেবে বিবেচনা করা হয়।