যুক্তরাষ্ট্র সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশগুলোর তালিকা থেকে সিরিয়াকে বাদ দিয়েছে। সোমবার (২৪ আগস্ট) মার্কিন পররাষ্ট্র দফতরের এক ঘোষণায় এ তথ্য জানানো হয়।
মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের অফিস অফ ফরেন অ্যাসেটস কন্ট্রোল জানিয়েছে, সিরিয়া এখন আর সন্ত্রাসী তালিকাভুক্ত সরকারগুলোর ওপর নিষেধাজ্ঞার আওতায় নেই। এর ফলে, যুক্তরাষ্ট্র কর্তৃক বিশেষভাবে ঘোষিত বৈশ্বিক সন্ত্রাসী সংগঠন হায়াত তাহরির আল-শামকে সন্ত্রাসী সংগঠন হিসেবে দেওয়া স্বীকৃতি প্রত্যাহার করা হয়েছে।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, এই সিদ্ধান্তটি সিরিয়াকে আন্তর্জাতিক সন্ত্রাসবাদী কর্মকাণ্ড থেকে সম্পূর্ণরূপে দূরে রাখার একটি ইতিবাচক পদক্ষেপ। তিনি জানান, সিরিয়ার নতুন সরকার দামেস্ক সন্ত্রাসী গোষ্ঠী আইএসআইএস (দায়েশ), আল-কায়েদা, হিজবুল্লাহ এবং ইরান-সমর্থিত গোষ্ঠীসমূহের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে।
রুবিও আরও বলেন, গত নভেম্বরে সিরিয়া আইএসআইএস-কে পরাজিত করার বৈশ্বিক জোটে যোগদান করেছে। সন্ত্রাসবাদের তকমা থেকে সিরিয়ার মুক্তি বেসরকারি খাতের বিনিয়োগের ক্ষেত্রে প্রধান বাধাগুলো দূর করবে, যা সিরিয়ার অর্থনৈতিক পুনরুদ্ধার এবং বৈশ্বিক অর্থনীতিতে পুনঃএকত্রীকরণকে সহজতর করবে।