সরকার পুলিশ প্রশাসনে বড় রদবদল এনে দুই ডিআইজিসহ ১৭ জন জ্যেষ্ঠ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে। এর মধ্যে পুলিশের বিশেষ শাখার (এসবি) ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মেট্রোপলিটন পুলিশের নতুন কমিশনার হিসেবে এবং পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (এডিজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে তিনটি পৃথক প্রজ্ঞাপনে এই বদলির নির্দেশ জারি করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনগুলোতে সই করেন উপসচিব তৌছিফ আহমেদ। জনস্বার্থে জারি করা এই নির্দেশ অবিলম্বে কার্যকর করার কথা বলা হয়েছে।
একটি প্রজ্ঞাপনে, পিবিআইয়ের ডিআইজি মো. হুমায়ুন কবিরকে র্যাবের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে বদলি করা হয়েছে। পুলিশ স্টাফ কলেজের অতিরিক্ত ডিআইজি মো. হুমায়ুন কবীরকে পুলিশ সদর দপ্তরে বদলি করা হয়েছে।
এছাড়া, রেলওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি মো. তোফায়েল আহমেদ মিয়াকে ঢাকা মহানগর পুলিশে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এপিবিএনের পুলিশ সুপার নাজমুল আলমকে ডিএমপিতে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, এসবির ডিআইজি মু. মাহবুবুর রশীদকে রংপুর মহানগর পুলিশ কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ডিএমপির উপ-কমিশনার আসলাম উদ্দিনকে পুলিশ সদর দপ্তরের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।
নোয়াখালী পিটিসির অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নূরুল আমীনকে খাগড়াছড়ি এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টারে সংযুক্ত করা হয়েছে।
বদলির এই প্রজ্ঞাপনে ২০২৫ সালের ১১ ডিসেম্বর জারি করা আদেশে যুগ্ম পুলিশ কমিশনার, ডিএমপি মোহাম্মদ কামরুজ্জামানকে অতিরিক্ত ডিআইজি, পুলিশ সদর দপ্তরে বদলির আদেশ বাতিল করা হয়েছে।
এসপি পদমর্যাদার ৯ পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। পিবিআইয়ের পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদকে ইন–সার্ভিস ট্রেনিং সেন্টার গাজীপুরে কমান্ডেন্ট হিসেবে বদলি করা হয়েছে।