বিটিভির মহাপরিচালক কাজী জেসিন জানিয়েছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান মুখে না বলেও নীরবে পরিবর্তনের কাজ করছেন। তিনি আজ মঙ্গলবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রীর সঙ্গে একটি ছবি শেয়ার করে এই মন্তব্য করেন।
কাজী জেসিন উল্লেখ করেছেন, প্রধানমন্ত্রী বিটিভিকে একটি বিশ্বাসযোগ্য, আধুনিক ও জনআস্থার চ্যানেল হিসেবে দেখতে চান। তিনি বলেন, বিটিভি অতীতের সরকারী শাসনামলে সরকারের প্রচার যন্ত্র হিসেবে ব্যবহৃত হয়েছে এবং ক্রেডিবিলিটি হারিয়েছে।
তিনি আরও জানান, বিটিভির জন্য প্রধানমন্ত্রীর পরিকল্পনা দেশের ইতিহাসে অতীতের কোনো সরকার এত গুরুত্ব দেয়নি। কাজী জেসিন বলেন, "গণঅভ্যুত্থানের পর অনেকেই ‘নয়া বন্দোবস্ত’ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলেছিলেন। কিন্তু সেই বন্দোবস্তের নামে কি হয়েছে, তা দেশবাসী জানেন।"
তিনি বলেন, প্রধানমন্ত্রী নীরবে পরিবর্তনের কাজটি করছেন এবং বিটিভিকে আরও অনন্য, আধুনিক ও মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে যেতে চান। কাজটি কঠিন হলেও আনন্দদায়ক বলেও মন্তব্য করেন কাজী জেসিন।
তিনি জানান, পুরোনো একটি প্রতিষ্ঠানকে নতুনভাবে গড়ে তোলা সহজ নয়, তবে এই লক্ষ্যেই কাজ শুরু হয়েছে।