বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬
ব্রেকিং
রাজনীতি

যৌথ মহড়ায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা প্রদর্শন

প্রধানমন্ত্রী তারেক রহমান যৌথ সামরিক মহড়ায় সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরার কথা বলেছেন।

যৌথ মহড়ায় বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা প্রদর্শন

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া বিশ্বদরবারে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাসে আজ একটি নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দেশের ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সমন্বয়ে অনুষ্ঠিত যৌথ সামরিক মহড়ার সাক্ষী হতে পেরে আমি ব্যক্তিগতভাবে অত্যন্ত গর্বিত।’

প্রধানমন্ত্রী মঙ্গলবার নোয়াখালীর স্বর্ণদ্বীপের ভিউ পয়েন্ট-১-এ বাংলাদেশ সেনা, নৌ ও বিমানবাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়া পরিদর্শনকালে এসব কথা বলেন।

তিনি জানান, ‘আজকের এই মহড়া বিশ্বদরবারে একটি স্পষ্ট বার্তা দেবে যে বাংলাদেশের সশস্ত্র বাহিনী অত্যন্ত সুসংগঠিত, পেশাদার এবং যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সদা প্রস্তুত।’

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘জাতির ইতিহাসে প্রথমবারের মতো তিন বাহিনীর স্পেশাল ফোর্সের সদস্যরা একত্রে অংশ নিয়ে এ যৌথ সামরিক মহড়া সম্পন্ন করেছেন। এটি দেশের সামরিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।’

তিনি বলেন, ‘আজকের এই মহড়ার পেছনে রয়েছে দূরদর্শী চিন্তা। একই সঙ্গে এটি সামরিক বাহিনীর আধুনিকায়নে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।’

প্রধানমন্ত্রী জানান, ‘এ ধরনের যৌথ অনুশীলন সশস্ত্র বাহিনীর পারস্পরিক সমন্বয়, পেশাদারিত্ব ও সক্ষমতা আরও সুদৃঢ় করবে। পাশাপাশি যেকোনো পরিস্থিতি মোকাবিলায় তাদের প্রস্তুতিও আরও কার্যকর হবে।’

এ সময় সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম, পানিসম্পদমন্ত্রী ও শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন