আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ২৯ নভেম্বর থেকে তিনদিন এই সংলাপ অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ এক ব্রিফিংয়ে এ তথ্য জানান। তিনি বলেন, ১০ ডিসেম্বরের মধ্যে ইউপি নির্বাচনের প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন করা হবে।
তিনি উল্লেখ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে যেসব নিবন্ধিত দলের সঙ্গে সংলাপ হয়েছে, তাদের পাশাপাশি নতুন নিবন্ধন পাওয়া দলগুলোকেও আলোচনায় আমন্ত্রণ জানানো হবে।
এসময় সুষ্ঠু নির্বাচনের জন্য সরকার, রাজনৈতিক দল, প্রার্থী ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত ভূমিকার ওপর গুরুত্ব দেন তিনি।
নির্বাচন কমিশন জানায়, পাঁচ ধাপে দেশের ৫০৮ উপজেলার ৪ হাজার ৩৩২টি ইউনিয়ন পরিষদে ভোটগ্রহণ হবে। প্রথম ধাপে ভোটগ্রহণের তারিখ ২১ জানুয়ারি, দ্বিতীয় ধাপে ৪ ফেব্রুয়ারি, তৃতীয় ধাপে ২৯ এপ্রিল, চতুর্থ ধাপে ১৩ মে এবং পঞ্চম ধাপে ২৭ মে ২০২৭ সালে নির্ধারণ করা হয়েছে।