ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন নির্বিঘ্নে শেষ করার লক্ষ্যে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ ঘোষণা করেছে। এই নিষেধাজ্ঞা বুধবার (২৬ আগস্ট) রাত ১২টা থেকে কার্যকর হবে এবং অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত বহাল থাকবে।
ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) থেকে শুরু হতে যাওয়া অধিবেশন যাতে নির্বিঘ্নে চলে, তার জন্য জাতীয় সংসদ ভবন ও আশপাশের এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকায় সব ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ক্ষতিকারক ও দূষণীয় দ্রব্য বহন করা এবং যেকোনো ধরনের সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ নিষিদ্ধ থাকবে।
নিষেধাজ্ঞার আওতাধীন এলাকা হিসেবে উল্লেখ করা হয়েছে ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত, বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত, পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রিন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত।
এছাড়াও মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি ১৬ (পুরনো ২৭) নম্বর সড়কের সংযোগস্থল, রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন নবম ডিভিশন (উত্তরা জাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণি পর্যটন ক্রসিং, ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া অ্যাভেনিউয়ের পশ্চিম প্রান্ত এবং জাতীয় সংসদ ভবনের সংরক্ষিত এলাকা অন্তর্ভুক্ত থাকবে।