বর্তমান সরকারের বিরুদ্ধে কাউকে বন্ধ বা থামিয়ে রাখার মানসিকতা নেই বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন মন্ত্রনালয়ের কার্যক্রমের অগ্রগতি নিয়ে সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, "১৭ বছর পর যে দায়িত্ব পেয়েছি, এই সময়ে বাংলাদেশ তার ইতিহাসের সবচেয়ে কঠিন সময় পার করছে। একটি দেশকে শূন্য থেকে শুরু করাও কঠিন, কিন্তু এখানে সমস্যা আরও গভীর। বিগত সময়ে দেশের পুরো ব্যবস্থাটাই দুর্নীতিগ্রস্ত ও ভেঙে পড়েছে।"
শেখ হাসিনাকে নিয়ে ভারতের সরকারের অবস্থান সম্পর্কে তিনি বলেন, "ভারতের সরকার শেখ হাসিনার বিষয়ে রাজনৈতিকভাবে দায়ভার নিতে চাচ্ছে না।" তিনি আরও জানান, বাংলাদেশ সব পলাতক আসামিকে ফেরত চায়।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ব্রাহ্মণবাড়িয়া এবং কিশোরগঞ্জে সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ করা হয়েছে বলেও উল্লেখ করেন তথ্যমন্ত্রী। তিনি বলেন, "এই সরকার যেকোনো সাংস্কৃতিক কর্মকাণ্ডকে উৎসাহিত করে।"
তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী জানান, গত ছয় মাসে গোয়েন্দা সংস্থার কেউ গণমাধ্যমে চাপ দেননি এবং কোনো গুম বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি। তিনি সাংবাদিকদের সরকারের ভালো কাজগুলো ইতিবাচকভাবে তুলে ধরার আহ্বান জানান।
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, "গ্যাসের সরবরাহ এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি।" তিনি জানান, গ্যাসের কার্গো সরবরাহে কিছুটা সমস্যা হচ্ছে, তবে সরকার দ্রুত সমাধানের চেষ্টা করছে।
জাহেদ উর রহমান সাংস্কৃতিক কর্মকাণ্ডের চর্চা বাড়ানোর বিষয়ে সরকারের আগ্রহের কথা উল্লেখ করেন এবং বলেন, "বর্তমানে সাংস্কৃতিক কর্মকাণ্ডের পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে।"