বলিউড অভিনেতা অর্জুন রামপাল এবং দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস শুক্রবার গোয়ার মাপুসার সাব-রেজিস্ট্রার কার্যালয়ে বিয়ের নিবন্ধন করেছেন।
৫৩ বছর বয়সী অর্জুন এবং গ্যাব্রিয়েলা তাদের বিয়ের জন্য কোনো জাঁকজমকপূর্ণ আয়োজন করেননি। তারা ঘনিষ্ঠ কয়েকজন বন্ধুর উপস্থিতিতে সাদামাটা পোশাকে হাজির হন। দীর্ঘ আট বছরের সম্পর্কের পর তারা এই আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
বিকেল ৪টার দিকে সাব-রেজিস্ট্রার কার্যালয়ে পৌঁছান তারা। সাব-রেজিস্ট্রার সুরজ ভেরনেকার জানান, গোয়ার ইউনিফর্ম সিভিল কোড অনুযায়ী তাদের বিয়ে নিবন্ধিত হয়েছে। স্থানীয় নিয়ম অনুযায়ী প্রথম ও দ্বিতীয় স্বাক্ষরের মধ্যে ১৫ দিনের অপেক্ষার বিধান থাকলেও বিশেষ অনুমতি নিয়ে তারা একই দিন প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন।
বিয়ের ১৫ দিন পর মূল সনদ পাওয়ার কথা রয়েছে। ২০১৮ সালে প্রেমের সম্পর্কে জড়ান অর্জুন ও গ্যাব্রিয়েলা এবং এরপর বিয়ের আনুষ্ঠানিকতা ছাড়াই একসঙ্গে সংসার শুরু করেন। তাদের দুই সন্তান রয়েছে; ২০১৯ সালে প্রথম সন্তান অরিক এবং ২০২৩ সালে দ্বিতীয় সন্তান আরিভ জন্ম নেয়।
অর্জুন এক সাক্ষাৎকারে জানিয়েছেন, সম্পর্ক টিকিয়ে রাখার জন্য বিয়ের কাগজ তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নয়। বরং পারস্পরিক বোঝাপড়া এবং সম্মান বেশি গুরুত্বপূর্ণ। তবে তিনি বিয়ের বিরোধী নন বলেও উল্লেখ করেন। ২০২৫ সালে গ্যাব্রিয়েলার সঙ্গে বাগদানের কথাও প্রকাশ্যে জানান তিনি।
এর আগে অর্জুনের মডেল ও সাবেক মিস ইন্ডিয়া মেহর জেসিয়ার সঙ্গে বিয়ে হয়েছিল, যা ১৯৯৮ সালে শুরু হয় এবং ২০১৯ সালে বিচ্ছেদের মাধ্যমে শেষ হয়। বিচ্ছেদের পরও দুই মেয়ের সঙ্গে অর্জুনের সম্পর্ক অটুট রয়েছে। বর্তমানে গ্যাব্রিয়েলা ও দুই সন্তানকে নিয়ে নতুন সংসার গড়ে তুলেছেন অর্জুন।
দীর্ঘদিনের প্রেম, দুই সন্তান এবং একসঙ্গে পথচলার পর এবার তাদের সম্পর্ক পেল আইনি স্বীকৃতি।