রাজধানী ঢাকায় গ্যাস সংকট আবারও তীব্র আকার ধারণ করেছে। বুধবার (১২ আগস্ট) রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনগুলোতে দেখা গেছে গ্যাসের সরবরাহ কমে যাওয়ার চিত্র।
নগরবাসীকে ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে, কারণ অনেক ফিলিং স্টেশন বন্ধ করে রাখা হয়েছে এবং কিছু স্থানে গ্যাসের জন্য যানবাহনের দীর্ঘ সারি দেখা যাচ্ছে। মালিবাগ, তেজগাঁও, বাড্ডা, খিলক্ষেত, উত্তরা ও মিরপুরের সিএনজি স্টেশনগুলোতে গ্যাসের অভাব দেখা গেছে।
কিছু স্টেশনের সামনে 'গ্যাস নেই' লেখা সাইনবোর্ডও টানানো হয়েছে। ফিলিং স্টেশনের কর্মীরা জানিয়েছেন, সাধারণত রাত ১২টার পর কিছুটা গ্যাস সরবরাহ পাওয়া যায়, তবে তখনও চাপ খুব কম থাকে। বুধবার দুপুর পর্যন্ত স্টেশনে গ্যাসের সরবরাহ পাওয়া যায়নি।
গত শুক্রবার ও শনিবার পরিস্থিতি কিছুটা স্বাভাবিক থাকলেও সোমবার থেকে আবারও সরবরাহ কমে গেছে। এর ফলে গ্যাসের জন্য স্টেশনগুলোতে দীর্ঘ সারি তৈরি হয়েছে, যা নগরবাসীর জন্য অতিরিক্ত ভোগান্তির সৃষ্টি করছে।