বিএনপির পক্ষ থেকে রাষ্ট্রপতি পদে প্রার্থী এখনও নির্ধারণ করা হয়নি। প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই দায়িত্ব দেওয়া হয়েছে, এবং তিনিই সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি।
আজ মঙ্গলবার (১১ আগস্ট) জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে প্রস্তুতিমূলক সভা শেষে এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। সভায় অংশগ্রহণকারী ছিলেন সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এবং নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা।
নুরুল ইসলাম মনি জানান, সংসদ নেতা, বিরোধীদলীয় নেতা এবং সংসদের স্পিকারের ভোটগ্রহণের কার্যক্রম গণমাধ্যমের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। ফলাফল না আসা পর্যন্ত সবার উপস্থিতিতে গণমাধ্যমে লাইভ টেলিকাস্ট করা হবে।
তিনি আরও জানান, ৭০ অনুচ্ছেদের নিয়ম অনুযায়ী ভোটগ্রহণ হবে। সংসদ সদস্যরা তাদের জাতীয় আসন নম্বর অনুযায়ী ভোট দেবেন। দলের সিদ্ধান্তের বাইরে কেউ ভোট দিতে পারবেন না, অন্যথায় তাদের সংসদ সদস্য পদ বাতিল হবে।
ব্রিফিংয়ে বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেন, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের প্রত্যাশা থাকলেও সরকার তা বাস্তবায়ন করছে না। তিনি জানান, বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত যাতে না হয়, সেজন্য ১১ দলীয় জোট প্রার্থী দিয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের তারিখ ১৩ আগস্ট সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র বাছাই হবে ১৬ আগস্ট এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৮ আগস্ট। ভোট গ্রহণ হবে ২০ আগস্ট, দুপুর ২টা থেকে ৫টা পর্যন্ত।
প্রসঙ্গত, গত ২৪ জুলাই দেশের ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেন। এরপর ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি শুরু করে নির্বাচন কমিশন।