ইসরায়েল সরকারের আপত্তি ও অসম্মতির মধ্যেই গাজা সীমান্ত সংলগ্ন অঞ্চলে আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর মূল ঘাঁটি প্রস্তুত করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত 'বোর্ড অব পিস'।
১০ আগস্ট সোমবার দক্ষিণ ইসরায়েলের কেরেম শালোম সীমান্ত এলাকায় প্রস্তাবিত ওই ঘাঁটিতে সামরিক ট্রাক, সরঞ্জাম ও ভারী যানবাহনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।
‘এলএসএ অ্যান্ডিউরেন্স’ নামে পরিচিত এই সামরিক ঘাঁটিটি আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনীর লজিস্টিক সরঞ্জাম সংরক্ষণ এবং দায়িত্বপ্রাপ্ত সেনাদের প্রস্তুতির কাজে ব্যবহৃত হবে।
যদিও সীমান্ত এলাকায় আন্তর্জাতিক বাহিনীর প্রস্তুতি দৃশ্যমান, গাজা যুদ্ধ নিরসনে প্রেসিডেন্ট ট্রাম্প ঘোষিত শান্তি পরিকল্পনা বাস্তবায়নে ইসরায়েল এখনও কোনো সার্বিক চুক্তিতে পৌঁছাতে পারেনি।
প্রেসিডেন্ট ট্রাম্পের শান্তি পরিকল্পনায় ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের পূর্ণ অস্ত্র সমর্পণের পাশাপাশি গাজা উপত্যকা থেকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) সম্পূর্ণ সরিয়ে নেওয়ার শর্ত রাখা হয়েছে।
ফিলিস্তিনের হামাস এই খসড়া চুক্তির শর্তে সম্মতি প্রকাশ করলেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজা থেকে সেনা সরানোর শর্ত সরাসরি নাকচ করে দিয়েছেন।