জাম্বিয়ায় চলমান এশিয়ান লিজেন্ডস লিগে অংশ নেওয়ার জন্য পাকিস্তানের বেশ কয়েকজন সাবেক ক্রিকেটার শাস্তির মুখে পড়তে যাচ্ছেন। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, এই টুর্নামেন্টে অংশ নিতে তারা প্রয়োজনীয় অনুমতি গ্রহণ করেননি।
পিসিবি জানিয়েছে, অনুমোদনহীন এই টুর্নামেন্টে অংশ নেওয়ার কারণে ক্রিকেটারদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর ফলে তারা আগামী দুই বছর বিদেশি লিগে খেলার অনুমতি পাবেন না এবং পিএসএলে কোনো দায়িত্ব পালনেও নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন।
পিসিবির কঠোর অবস্থানের পেছনে রয়েছে জাম্বিয়ার ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার একটি বিবৃতি, যেখানে বলা হয়েছে যে, এশিয়ান লিজেন্ডস লিগের অনুমোদন তাদের পক্ষ থেকে দেওয়া হয়নি।
পিসিবি উল্লেখ করেছে, ‘আইসিসির ইভেন্ট অনুমোদন ও খেলোয়াড় ছাড়পত্র সংক্রান্ত নীতিমালা অনুযায়ী, এই লিগকে অনুমোদনহীন ইভেন্ট হিসেবে বিবেচনা করা হচ্ছে।’ জাম্বিয়া ক্রিকেট ইউনিয়নও (জেডসিইউ) এই টুর্নামেন্টের অনুমোদন দেয়নি।
আইসিসি জানিয়েছে, বিদেশে কোনো ক্রিকেট ইভেন্টে অংশ নিতে হলে প্রত্যেক খেলোয়াড়কে অবশ্যই নিজ দেশের ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্র (এনওসি) নিতে হবে। অনুমোদনহীন কোনো টুর্নামেন্টে অংশ নেওয়ার ক্ষেত্রে সদস্য বোর্ডগুলোর ওপর যথাযথ ব্যবস্থা নেওয়ার দায়িত্ব রয়েছে।
পিসিবি আরও জানিয়েছে, শাস্তির আওতায় থাকা ক্রিকেটাররা আগামী দুই বছর অনুমোদিত বিদেশি লিগে অংশ নিতে পারবেন না। একই সঙ্গে তারা পিসিবি বা পাকিস্তান সুপার লিগের অধীনে কোনো দায়িত্ব পালন করতে পারবেন না।
এশিয়ান লিজেন্ডস লিগ ৩০ জুলাই শুরু হয়েছে এবং পাকিস্তান প্যান্থারস ইতিমধ্যে দুটি ম্যাচ খেলেছে। যদিও দলটি সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠিত, তবুও সবাই মাঠে নামেননি। মোহাম্মদ হাফিজ, সোহেল তানভীর ও উমর আকমল টুর্নামেন্টে অংশ নিতে জাম্বিয়ায় গেলেও আইসিসির অনুমোদন না থাকার বিষয়টি জানতে পেরে তারা সরে দাঁড়ান।