রেয়াল মাদ্রিদে ভিনিসিয়ুসের ভবিষ্যৎ নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। স্প্যানিশ ক্লাবটির সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ ২০২৭ সালের জুন পর্যন্ত থাকলেও প্রিমিয়ার লিগের দল আর্সেনাল তাঁকে পেতে আগ্রহ প্রকাশ করেছে।
আর্সেনালের আগ্রহের পর, দীর্ঘদিন ধরে অচলাবস্থায় থাকা চুক্তির আলোচনা নতুন করে শুরু করেছে রেয়াল মাদ্রিদ। ক্রীড়া বিষয়ক সংবাদমাধ্যম ইএসপিএনের প্রতিবেদনে বলা হয়েছে, রেয়াল মাদ্রিদ ভিনিসিয়ুসকে বছরে প্রায় ২ কোটি ২০ লাখ ইউরো বেতনের প্রস্তাব দিয়েছে, যা বাংলাদেশি অর্থে প্রায় ৩১৩ কোটি টাকা।
তবে, ভিনিসিয়ুসের চাওয়া ও রেয়াল মাদ্রিদের প্রস্তাবের মধ্যে ব্যবধান রয়েছে। ইএসপিএনের তথ্য অনুযায়ী, ব্রাজিলিয়ান এই উইঙ্গার বছরে প্রায় ৩ কোটি ইউরো (প্রায় ৪২৬ কোটি টাকা) পারিশ্রমিক চান। ফলে দুই পক্ষের মধ্যে এখনও সমঝোতা হয়নি।
বর্তমানে ভিনিসিয়ুসকে রেয়াল মাদ্রিদ ১ কোটি ৭৫ লাখ ইউরো (২৪৮ কোটি টাকা) বেতন দেয়। যদি তিনি নতুন চুক্তিতে সই না করেন, তবে আগামী মৌসুমে বিনা ট্রান্সফার ফিতে সান্তিয়ানো বের্নাবেউ ছাড়তে হতে পারে।
ভিনিসিয়ুসের প্রতিনিধিরা মনে করছেন, ২০১৮ সালে রেয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর তাঁর অবদান যথাযথ স্বীকৃতি পাওয়া উচিত। বিশেষ করে দুটি চ্যাম্পিয়নস লিগ ফাইনালে গোল করার মতো অর্জনগুলো বিবেচনায় নিয়ে মাদ্রিদের উচিত তাঁকে আরও মূল্যায়ন করা।