যুক্তরাষ্ট্রের প্যাসিফিক ফ্লিটের কমান্ডার অ্যাডমিরাল স্টিভ কেলার ৪ থেকে ৬ আগস্ট পর্যন্ত সরকারি সফরে বাংলাদেশে আসছেন। সফরকালে তার সঙ্গে ২২ সদস্যের মার্কিন নৌবাহিনীর প্রতিনিধিদল থাকবে।
সোমবার (৩ আগস্ট) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসের ভারপ্রাপ্ত মুখপাত্র মারা বার্ড এক বিবৃতিতে এ তথ্য জানান। সফরের সময় অ্যাডমিরাল কেলার বাংলাদেশের জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
বৈঠকগুলোতে দীর্ঘদিনের যুক্তরাষ্ট্র-বাংলাদেশ প্রতিরক্ষা অংশীদারিত্ব, সামুদ্রিক নিরাপত্তা, মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা এবং পেশাগত সামরিক শিক্ষায় সহযোগিতা জোরদারের বিষয় নিয়ে আলোচনা হবে।
অ্যাডমিরাল কেলার ২০২৪ সালের ৪ এপ্রিল থেকে প্যাসিফিক ফ্লিটের নেতৃত্ব দিচ্ছেন। এর আগে তিনি বিভিন্ন সামরিক অভিযানে অংশগ্রহণ করেছেন, যার মধ্যে অপারেশন ডেজার্ট স্টর্ম, সাউদার্ন ওয়াচ, ইরাকি ফ্রিডম ও ইনহেরেন্ট রিজলভ অন্তর্ভুক্ত।
এছাড়া, তিনি বসনিয়া-হার্জেগোভিনা ও লিবিয়াকেন্দ্রিক আন্তর্জাতিক অভিযানে দায়িত্ব পালন করেছেন।